ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও পরে আগুন নিয়ন্ত্রণে আরও একটি ইউনিট যোগ করা হয়। বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ধারাবাহিকভাবে এসব নাশকতার অংশ হিসেবেই ধোলাইপাড়ে আজকের এ অগ্নিসংযোগ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

