দোহার (ঢাকা): পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন-দোহার উপজেলা টিম’ সম্প্রতি দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। পরিচ্ছন্নতা যে কেবল স্বাস্থ্যের নয়, বরং ন্যায় ও শৃঙ্খলারও প্রতীক- এই বার্তা নিয়েই আলোচনায় অংশ নেয় সংগঠনটি।
সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য ছিল সমাজে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলা। আলোচনায় প্রধানত নিম্নলিখিত বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়:
-
থানা প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা: দোহার থানা প্রাঙ্গণ ও এর আশপাশ এলাকাকে আরও পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা।
-
জনসচেতনতা বৃদ্ধি: পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
-
পরিবেশ ও আইনশৃঙ্খলার সমন্বয়: আইনশৃঙ্খলার পাশাপাশি পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিডি ক্লিন ও থানা কর্তৃপক্ষের যৌথ ভূমিকা।
দোহার থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বিডি ক্লিন-এর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পরিচ্ছন্ন নাগরিক, পরিচ্ছন্ন শহর—এমন দোহারেই হাসবে আগামী প্রহর।
তাঁর এই সহযোগিতা ও আগ্রহ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযানে এক নতুন অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করে বিডি ক্লিন – দোহার উপজেলা টিম।
বিডি ক্লিন- দোহার উপজেলা টিমের পক্ষ থেকে সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে, নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় ভূমিকা রাখুন এবং গড়ে তুলুন সুশৃঙ্খল, নিরাপদ ও সুন্দর দোহার।

