গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে উপজেলাভিত্তিক ‘এক বৃন্তের ফুল’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তি, কৌতুক, সঙ্গীত, নৃত্য ও নাটকে নিজেদের উপস্থাপন করেন গোবিন্দগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা।
এদিন তারা পরিবেশন করেন দেশাত্মবোধক কোরাস ‘মুক্তির মন্দিরে’, দেশাত্মবোধক একক গান ‘আমার বাংলা’, রবীন্দ্রসঙ্গীত একক ‘ভালোবেসে সখি’, নজরুলসঙ্গীত একক ‘আমার আপনার চেয়ে আপন’, শিশুশিল্পী অধরার একক নৃত্য ‘বকুল ফুল’, সাঁওতালদের দলীয় নৃত্য, লোকসঙ্গীত ভাওয়াইয়া ‘ওকি গাড়িয়াল ভাই’, আবৃত্তি ‘আমি অভিশাপ দিচ্ছি’, দলীয় আবৃত্তি ‘চল চল চল’, রিংকি ও নূরে আদিবার কণ্ঠে আধুনিক গান, বকুল ও মুকুলের কণ্ঠে ‘কূলহারা নদী’ এবং ‘অমৃত মেঘের বারি’। অনুষ্ঠান শেষে তারা নাটক মঞ্চস্থ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রঞ্জন সাহা, প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাংবাদিক গোপাল মহন্ত, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধানসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, ‘এক বৃন্তের ফুল’ অনুষ্ঠানে অংশ নেয় সাদুল্লাপুর, পলাশবাড়ী, গাইবান্ধা সদর, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলা। অংশগ্রহণকারী দলগুলো নিজেদের গান, নৃত্য, কবিতা, নাটিকা, আবৃত্তি, উপস্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে নিজ নিজ উপজেলার সৃজনশীলতা ও সংস্কৃতিকে তুলে ধরে।
তারুণ্যের এই উৎসব ‘এক বৃন্তের ফুল’-এর গ্র্যান্ড ফিনালে আগামী ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার) গাইবান্ধার ঘাঘট পাড়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।

