সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমা (এম. এন. লারমা)-এর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): মানবেন্দ্র নারায়ণ লারমা (এম. এন. লারমা)-এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে শোক র‍্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে মহালছড়ি উপজেলার মুবাছড়ি খুলারামপাড়া রাধামন স্পোর্টিং ক্লাবের মাঠ প্রাঙ্গণে মানবেন্দ্র নারায়ণ লারমার সংগঠনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য হাতে শোক র‍্যালি করে এম. এন. লারমার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে মুবাছড়ি খুলারামপাড়া রাধামন স্পোর্টিং ক্লাবের মাঠ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয়ের আয়োজনে স্মরণসভার আয়োজন করা হয়। উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম. এন. লারমা)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা।

স্মরণসভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পালন কমিটির আহ্বায়ক সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক কাকলি খীসা, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা স্মরণসভায় জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত ও কবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতিচারণ করেন। তারা বলেন, এই নেতা আজীবন জুম্ম জাতির নিঃস্বার্থ অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন। দিনমজুর থেকে শুরু করে তিনি সব শ্রেণির মানুষের কথা চিন্তা করতেন, পাহাড়ের মানুষের কল্যাণে ভাবতেন।

উল্লেখ্য, এম. এন. লারমা অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে নিজ প্রতিষ্ঠিত দলের বিপথগামীদের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন।

একইভাবে সকালে খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব থেকে শোক র‍্যালি বের করে চেঙ্গী স্কোয়ারের মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে খাগড়াছড়ি সদরস্থ তেঁতুলতলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *