সর্বশেষ :
20 Oct 2026, Tue

দেশের চলমান সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায় -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

দেশের চলমান সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায় -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, কালের বার্তা

মাসুদ রানা পলক (ঠাকুরগাঁও): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সমস্ত সংকট একটি নাটকের অংশ। সাধারণ মানুষ এত কিছু বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়। রোববার (০৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল। আমরা কথা ও কাজে বিশ্বাস করি, মুনাফিকিতে বিশ্বাস করি না। ২০২৪ সালের ৫ আগস্ট গণহত্যা হয়েছে। ১৯৭১ সালেও গণহত্যা হয়েছিল। দুটির মধ্যে পার্থক্য হলো- একাত্তরে পাকিস্তানিরা এ দেশের কিছু লোক নিয়ে গণহত্যা চালিয়েছিল, আর এবার শেখ হাসিনা তাঁর প্রশাসনকে দিয়ে গণহত্যা চালিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার নির্বাচিত সরকার নয়। সে কারণেই তারা সাধারণ মানুষের কষ্ট বোঝে না। কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পায় না, শাকসবজির দাম পায় না। হিমাগারে আলু অবিক্রীত পড়ে রয়েছে। ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারও পায় না। বিএনপি ক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধান করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্য মূল্যে তেল, চাল, ডাল ক্রয় করতে পারবে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”

তিনি আরও বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কী, আমরা বুঝি; কিন্তু সাধারণ জনগণ তা বোঝে না। এসব বোঝে শিক্ষিত মানুষরা। আমরা সব সংস্কারে রাজি আছি, তবে যেগুলো রাজি হবো না, সেগুলো সংসদে গিয়ে পাস করা হবে না।

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *