মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।
রোববার (০৯ নভেম্বর) দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, কুলিয়ারচর থানা পুলিশ সন্দেহজনক বিভিন্ন প্রকার যানবাহন থামিয়ে যাত্রী ও চালকদের দেহ তল্লাশিসহ গাড়ি তল্লাশি করছে।
পুলিশ বিভিন্ন কৌশলে জানার চেষ্টা করছে- কেউ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে যাচ্ছে কি না। এছাড়াও, যানবাহনে কোনো প্রকার অবৈধ অস্ত্র, ব্যানার কিংবা লিফলেট আছে কি না, সেদিকেও তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। এ সময় সন্দেহভাজন পথচারীদের ব্যাগ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতেও দেখা যায়।
জানা যায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করছে। এছাড়া, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
১৩ নভেম্বরকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারা দেশের মতো কুলিয়ারচরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, যে কোনো নাশকতা ঠেকাতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

