রাঙামাটি: সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে রাঙামাটি শহরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা সামছুল আলম আকাশকে (২৭) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃত আকাশ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। সে রাঙামাটি শহরের বনরূপাস্থ কাটা পাহাড় এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আকাশের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা থেকে আকাশকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকাশ তার সহপাঠীদের নিয়ে পলাতক আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি পলাতক নিষিদ্ধ নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ করতেন। তার বিভিন্ন কর্মকাণ্ডে আতঙ্কের পাশাপাশি জনমনে শঙ্কার সৃষ্টি হচ্ছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই ধরনের কর্মকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

