দোহার (ঢাকা): জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে জয়পাড়া রক্তদাতা সংগঠনের উদ্যোগে এই দিবসটি পালিত হয়। অনুষ্ঠানটি জয়পাড়া চৌধুরী হাইটস মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লিনিক কর্তৃপক্ষ অংশ নেয়।
জয়পাড়া রক্তদাতা সংগঠনের সভাপতি নীরব মোদকের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড. জসিম উদ্দিন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. খোকন ও আতিকুর রহমান। আলোচনা সভায় বক্তারা জয়পাড়া রক্তদাতা সংগঠনকে একটি নিবেদিত ‘সামাজিক সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেন।
তারা বলেন, মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান করতে এই সংগঠনের কর্মীরা বহুদূর ছুটে যায়। আমরা বিশ্বাস করি, আগামী দিনের পথচলায় এই সংগঠনটি আরও বেশি সফলতা অর্জন করবে।
সংগঠনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সভাপতি নীরব মোদক বলেন, আমাদের এই মানবতার কাজ চলমান থাকবে। সামনের দিনগুলোতে এর পরিধি বৃদ্ধি করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। জয়পাড়া রক্তদাতা সংগঠন ছিল, আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও অসহায় সহ সকল মানুষের পাশে থাকবে।
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসের এই অনুষ্ঠানে জয়পাড়া রক্তদাতা সংগঠন ছাড়াও সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিল-
- বন্ধন সেবা সংগঠন
- নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠন
- অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন
- মধুচর একতা সংঘ
- বিডি ক্লিন
- ইউথ ব্লাড ডোনার ক্লাবের সকল সদস্যবৃন্দ।
এছাড়া জয়পাড়া ক্লিনিক, আশা ক্লিনিক, মুক্তি ক্লিনিক, ডি এন মেডিক্যাল সার্ভিস কর্তৃপক্ষসহ জয়পাড়া রক্তদাতা সংগঠনের সকল সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে, অতিথিরা জয়পাড়া রক্তদাতা সংগঠনের সক্রিয় ও দায়িত্ববান কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

