সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাহাড়ে ঐক্যের বার্তায় রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতির ফুটবল ম্যাচ

রাঙামাটিতে-জেলা-পুলিশের-উদ্যোগে-সম্প্রীতির-ফুটবল-ম্যাচ,-কালের-বার্তা

আলমগীর মানিক (রাঙামাটি): নানা জাতিগোষ্ঠীর সহাবস্থানের বৈচিত্র্যময় জেলা পার্বত্য রাঙামাটিতে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে রোববার (০২ নভেম্বর) বিকেলে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে এক ব্যতিক্রমী সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। রাঙামাটি মারি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) ড. ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) ফরিদা ইয়াসমিন, রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা, রাঙামাটির জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সরিৎ কুমার চাকমা, জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় সম্প্রীতির ফুটবল ম্যাচটি। উত্তেজনাপূর্ণ এই খেলায় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় দল ৪-২ গোলে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জেলা পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রশংসা প্রকাশ করেন। তাঁরা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং এটি পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম।

রাঙামাটি জেলা পুলিশ জানায়, পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্য রক্ষার লক্ষ্যেই এই ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *