পঞ্চগড়: বাংলাদেশ জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সেখানেই এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বাংলাদেশ জাসদের সদর উপজেলা শাখার সভাপতি শামস কিবরিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল এবং জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন।
এ সময় সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, আতিকুল পাটোয়ারী বিকম, আনছার আলী মিঠুন, নীতিশ কুমার রায়, সাজ্জাদ হোসেন ভুট্টো, হায়দারসহ জেলা ও উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

