দোহার (ঢাকা): ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এই উপলক্ষে ঢাকার দোহার উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার জয়পাড়ায় একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি জয়পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলোচনা সভায় মিলিত হয়। এ সময় নেতা-কর্মীদের হাতে থাকা ব্যানার ও ফেস্টুনে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি শোভা পায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার রক্ষায় সবসময় অগ্রভাগে থেকেছে। তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকে আরও ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়তে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, দোহার উপজেলা যুবদল নেতা রাজিব খান, মাহবুবুর রহমান, দোহার পৌরসভা যুবদল নেতা বেপারী নাজমুল আরমান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সিপন খান, পৌর যুবদল নেতা রানা মোল্লা সহ যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম গুরুত্বপূর্ণ যুব অঙ্গসংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

