দোহার (ঢাকা): ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে যার যার ন্যায্য অধিকার সে সে পাবে, কোনো বৈষম্য করা হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দোহার পৌরসভার ইউসুফপুর বাজারে গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে দোহার পৌরসভার ইউসুফপুর এলাকায় গণসংযোগ করেন।
এই গণসংযোগে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং জনগণের নানা ধরনের সমস্যা শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
গণসংযোগ শেষে হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের সব ধরনের অধিকার বুঝিয়ে দেওয়া হবে। সবাই সবার ন্যায্য অধিকার পাবে।
তিনি তার বক্তব্যে আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যেখানে গরিব-ধনী কোনো ভেদাভেদ থাকবে না।
তিনি বলেন, জনগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তারা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান যেখানে দুর্নীতি থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।
গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন দোকানে ও বাজারের অলিতে-গলিতে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং হাতপাখা মার্কায় ভোট ও সমর্থন চান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার নেতাকর্মীরা।

