ফরিদপুর: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৭ অক্টোবর) ফরিদপুর হতে বিপুল পরিমাণ গাঁজাসহ চারজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত অনুমান ২০.১৫ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সিবাজার সাকিনস্থ নিউ চুইঝাল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফরিদপুর টু ভাঙ্গা মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় ঢাকা হতে ছেড়ে আসা “বিএম লাইন” পরিবহন প্রাঃ লিঃ (ঢাকা মেট্রো-ব-১৫-৫২৭২) নামক একটি যাত্রীবাহী বাস থেকে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- বাত্ত্যা চাকমা (৪০), পিতা- জনযাল্ল্যা চাকমা, দক্ক চাকমা (৪৫), পিতা- মগ্যা চাকমা, সপ্না দেবী চাকমা (৩৫), পিতা- ধনকুমার চাকমা, বাদী চাকমা (৪২), পিতা- জনযাল্ল্যা চাকমা। তাদের সকলের ঠিকানা রাঙ্গামাটি জেলার কাউখালী থানাধীন মানিকছড়ি বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে যে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তিকে সমাজের সবচেয়ে ভয়াবহ সমস্যা হিসেবে আখ্যা দিয়ে র্যাব যুব সমাজকে এর ভয়াল ছোবল থেকে রক্ষা করার জন্য নিরলস কাজ করে চলেছে।

