সর্বশেষ :
20 Oct 2026, Tue

চাঞ্চল্যকর ‘লিলি গোল্ড হাউজ’ ডাকাতির মূল হোতা র‍্যাবের হাতে গ্রেপ্তার

চাঞ্চল্যকর 'লিলি গোল্ড হাউজ' ডাকাতির মূল হোতা র‍্যাবের হাতে গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বুধবার (১৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আদর্শ নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. রাসেল মিয়া (৪১) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ সূত্র জানায়, গত ০৫ অক্টোবর রাত থেকে ০৬ অক্টোবর সকালের মধ্যে কোনো এক সময় যাত্রাবাড়ী মোড়ের হাজী সামাদ সুপার মার্কেটের ভেতরে রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত “লিলি গোল্ড হাউজ” নামক জুয়েলারি দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরচক্র দোকানের উত্তর পাশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে ডিসপ্লেতে থাকা আনুমানিক ২,৩৭,৫০,০০০/- (দুই কোটি সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ১২৫ ভরি স্বর্ণালংকার এবং ক্যাশ বাক্সে থাকা ২,৭৫,০০০/- (দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় জুয়েলারি দোকানের মালিক মো. জাকির হোসেন যাত্রাবাড়ী থানায় মামলা (নং- ১৪, তারিখ- ০৭/১০/২০২৫ খ্রি. ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০) দায়ের করেন।

চাঞ্চল্যকর এই মামলার প্রেক্ষিতে র‍্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেলের পিতার নাম সোহরাব মেম্বার এবং তার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ থানাধীন চিরাইও গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাসেল মিয়া চুরির ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে। তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য তাদের অভিযান চলমান রয়েছে।

র‍্যাব সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং যেকোনো অপরাধ দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *