ঢাকা: রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২৫ লক্ষ ২৪ হাজার ৩ শত টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ আমদানিনিষিদ্ধ পণ্য উদ্ধার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে আতশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী।
র্যাব-১০ সূত্র জানায়, বুধবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন চট্টগ্রাম টু ঢাকাগামী মাতুয়াইল সান্টু তেলের পাম্প এলাকায় একটি চেকপোস্ট বসায়। সেই সময় ‘এসএ পরিবহন’-এর একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
তল্লাশির সময় উদ্ধারকৃত পণ্যের মধ্যে ছিল ১৩,৫৯০ পিস আতশবাজি, যার আনুমানিক মূল্য ৬,৮৪,০০০ টাকা; ৪,৩২০ পিস মেহেদী (মূল্য ১,৭২,৮০০ টাকা); ৪৩২ পিস অলিভ অয়েল (মূল্য ১,৫১,২০০ টাকা); বিভিন্ন প্রকারের ৩৩৭ পিস শ্যাম্পু (মূল্য ১,৬৪,৩০০ টাকা); ৭২০ পিস ফেইস ওয়াশ (মূল্য ১,৮০,০০০ টাকা); ৩৫০ বক্স চকলেট (মূল্য ৩,৩৫,০০০ টাকা); ৬১২ পিস শাড়ী (মূল্য ৬,১২,০০০ টাকা); ২৬০ পিস চাদর (মূল্য ৩,৯০,০০০ টাকা) এবং ৬ ব্যান্ডেল থ্রী পিস কাপড় (মূল্য ১৫,০০০ টাকা)। সর্বমোট উদ্ধারকৃত অবৈধ আমদানিনিষিদ্ধ পণ্যের মূল্য ২৫,২৪,৩০০ টাকা।
র্যাব-১০ জানিয়েছে, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ চোরাকারবারীরা এসব আমদানি নিষিদ্ধ পণ্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এই ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে র্যাব-১০ সচেষ্ট রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

