মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মা ইলিশ সংরক্ষণের বিশেষ অভিযান চালিয়ে ৮ জন জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে লৌহজং উপজেলার কলমা, গাওদিয়া ও বেজগাঁও সংলগ্ন পদ্মা নদীতে এই অভিযান পরিচালিত হয়। এসময় নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ওই জেলেদের কাছ থেকে আনুমানিক ১০ কেজি ইলিশ মাছ এবং প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
আটককৃত আটজন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং লৌহজং থানা পুলিশের সমন্বয়ে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

