গাজীপুর: অগ্নিনিরাপত্তা জোরদার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় গাজীপুরে চলমান রয়েছে সান্ধ্যকালীন গণসংযোগ কার্যক্রম। এর অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) শনিবার রাতে গাজীপুর-এর শিববাড়ি বাস স্ট্যান্ড, শিমুলতলী বাজার ও রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর এর উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত দর্শকদের বিভিন্ন সচেতনতামূলক ভিডিও ক্লিপস দেখানো হয়। এর মাধ্যমে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। এছাড়া, যে কোনো জরুরি প্রয়োজনে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে জনগণকে হটলাইন নম্বর (১০২) ওয়ান জিরো টু সম্পর্কে অবহিত করা হয় এবং এটি ব্যাপকভাবে প্রচার করা হয়।
এ দিনের রাত্রিকালীন গণসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুরের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। স্থানীয় জনসাধারণ এই সচেতনতামূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অগ্নিনিরাপত্তা বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

