ঢাকা: মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (৮ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে পৃথক দুটি অভিযানে আনুমানিক ২১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যমানের মোট ৭১ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। র্যাব-১০ এর দক্ষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযানগুলি পরিচালনা করে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা অনুমানিক ০৬.১৫ ঘটিকায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায়। এই অভিযানে প্রায় ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম হলো- মো. ফারুক (৪৫), পিতা- মৃত আব্দুল গণি, সাং- শঙ্কুচাইল, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
এরপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত অনুমানিক ১২.৩০ ঘটিকায়, ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকায়। এ অভিযানে প্রায় ১৩,৮০,০০০/- (তেরো লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ৪৬ (ছেচল্লিশ) কেজি গাঁজা উদ্ধারসহ আরও একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম হলো- মো. আল আমিন (৩৩), পিতা- মৃত হোসেন আলী, সাং- ভাগ্যকুল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ।
র্যাব-১০ সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত এই দুই আসামি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা বিভিন্ন উৎস থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় নিয়মিতভাবে সরবরাহ করত।
উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। মাদক সমাজের ভয়াবহ ব্যাধি উল্লেখ করে, ভবিষ্যতে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য র্যাবের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানানো হয়েছে।

