খুলনা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (০১ অক্টোবর) খুলনা মহানগরীর দক্ষিণ বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। মহাষ্টমীর পুণ্য তিথিতে তিনি নগরীর গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করেন। পুলিশ কমিশনার এদিন খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত স্বর্ণপট্টি, বড় বাজার, আর্যধর্ম সভা, শিববাড়ি, পূজাখোলা, কৈয়া বাজার, হোগলাডাঙ্গা, এবং স্কুল ভিটাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে যান।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে, প্রতিটি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মণ্ডপ কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।
এছাড়াও, তিনি পূজামণ্ডপে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি তদারকি করেন এবং পূজা চলাকালীন সময়ে জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতি. দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এমএম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনারের এই পরিদর্শন শারদীয় দুর্গোৎসবের সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে কেএমপি’র অঙ্গীকারকে আরও জোরালো করেছে।

