সর্বশেষ :
19 Oct 2026, Mon

সাবেক আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা: সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী ও বান্ধবী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট ৬ শত ৫৩ কোটি ৩৬ লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এর আগে তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদন করে সিআইডি (ফাইন্যান্সিয়াল ক্রাইম)।

 

সিআইডির উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মনিরুজ্জামান তার আবেদনে উল্লেখ করেন, অভিযুক্ত তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলি ও তদবিরসহ নানা অপকর্ম করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। অবৈধভাবে অর্জিত এসব অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন।

 

সিআইডির আবেদনে আরও বলা হয়, তৌফিকা করিমের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন হয়েছে। বর্তমানে এসব হিসাবে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।

 

তদন্তকারী সংস্থা দাবি করে, এসব সন্দেহভাজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে অর্থ গ্রহণ করে বিভিন্ন দেশে পাচার করেছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) (২৬) ও (১৪) ধারা মতে সম্পৃক্ত অপরাধ। এজন্য তৌফিকা এবং তার স্বার্থ সংশ্লিষ্ট এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি। শুনানি শেষে আদালত সিআইডির আবেদন মঞ্জুর করে হিসাবগুলো অবরুদ্ধের নির্দেশ দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *