সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ধসে যাওয়া ব্রীজ সংলগ্ন সড়ক, স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধানের দাবি

দোহারে ধসে যাওয়া ব্রীজ সংলগ্ন সড়ক, স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধানের দাবি

দোহার (ঢাকা): টানা বৃষ্টির জেরে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া-লটাখোলা বড় ব্রীজ সংলগ্ন রোডস অ্যান্ড হাইওয়ের (সওজ) রাস্তার একাংশ ধসে পড়ায় সৃষ্ট জনদুর্ভোগ কমাতে অবশেষে দ্রুততার সঙ্গে মেরামত কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত কয়েকদিন আগে ব্রীজের পূর্ব পাশের রাস্তার একাংশ ধসে পড়ায় এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল এবং স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দেয়। ধসে পড়ার কারণে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে জনসাধারণের চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। জরুরি ভিত্তিতে এই সমস্যা সমাধানের দাবিতে স্থানীয়রা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছিলেন।

 

এলাকাবাসীর উদ্বেগের পরিপ্রেক্ষিতে রোববার (২৮ সেপ্টেম্বর) সড়ক ও জনপথ অধিদপ্তর (রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগ) ধসে পড়া অংশে মেরামত কাজ শুরু করেছে। দ্রুত সময়ে কাজ সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে সওজ কর্মকর্তারা জোরেশোরে কাজ করছেন।

দীর্ঘ কয়েক দিনের ভোগান্তির পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ শেষ হবে এবং সড়কটি আবার স্বাভাবিক হবে।

 

তবে, তাৎক্ষণিক স্বস্তি পেলেও স্থানীয় বাসিন্দারা দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানিয়েছেন। তারা বলছেন, প্রতি বছর বৃষ্টির কারণে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য রাস্তা ও ব্রীজের কাঠামোর স্থায়ী ও টেকসই সংস্কার প্রয়োজন। ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তারা সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দ্রুততম সময়ে কাজ শেষ করে সড়কটি চলাচলের জন্য পুরোপুরি নিরাপদ করে তুলবেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *