মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ৬ জন জেলের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও মোহাম্মদ শরীফ (৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শরীফ মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে সদর উপজেলার চরকিশোরগঞ্জের মোল্লারচরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে নদীর গভীরতা বেশি ও স্রোত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ জেলে শরীফের খোঁজে মাঝ নদী ও তীরবর্তী এলাকায় অভিযান চলছে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, ট্রলারটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

