সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে বিএনপি নেতার বাড়িতে ছাত্রদল নেতার হামলার অভিযোগ- ভাংচুর-লুটপাটের দাবি

দোহারে বিএনপি নেতার বাড়িতে ছাত্রদল নেতার হামলার অভিযোগ- ভাংচুর-লুটপাটের দাবি

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুমের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর শিকদারের বিরুদ্ধে। মাসুম খানের অভিযোগ, ছাত্রদল নেতা আলমগীর তার দলবল নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালিয়েছেন।

ভুক্তভোগী মাসুম খান ও তার স্ত্রী ফারহানা রহমান রুপা অভিযোগ করে বলেন, শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ছাত্রদল নেতা আলমগীর প্রায় ৩০ থেকে ৪০ জন বহিরাগত নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করেন। এসময় আলমগীর তাদের হুমকি দিয়ে ঘরবাড়ি ছেড়ে দিতে বলেন। তারা কথা না শোনায় আলমগীরের লোকজন জোরপূর্বক ঘরের আসবাবপত্র ভাংচুর করে।

মাসুম খানের স্ত্রীর অভিযোগ, হামলাকারীরা ঘরে থাকা হাটের খাজনার টাকা ও দেড় ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে। এরপর আলমগীর তার দলবল নিয়ে পাশের একটি দোকান ও আরও দুটি বাড়িতে প্রবেশ করে হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

মাসুম খান জানান, ঘটনার পরপরই তিনি বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরকে জানিয়েছেন। মেছের খান বলেছেন, আলমগীর আমার ভাতিজা হলেও সে আমার কমান্ডের বাইরে। তাই আপনি আইনের আশ্রয় নিন।

খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর শিকদার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি একটি বিচারে যাচ্ছিলাম, তাই আমার সাথে লোকজন ছিলো। আমি মাসুম ভাইকে বাড়ির কাগজ নিয়ে বসে সমস্যার সমাধানের সময় নির্ধারণ করতে তার বাড়িতে গিয়েছিলাম। কোনো প্রকার হুমকি, ভাংচুর বা লুটপাট করা হয়নি। এইসব তথ্য সব মিথ্যা ও ভিত্তিহীন।

এ ঘটনার বিষয়ে দোহার থানার ওসি হাসান আলী বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে সেই সাথে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *