বিনোদন ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টালিউড তারকা দেব তার অভিনয় জীবনের দুই দশক পূর্ণ করলেন। একই সঙ্গে বহু প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’-এর ট্রেলারও উন্মোচন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতায় আয়োজিত এই তারকাখচিত অনুষ্ঠানে সিনেমার জগত থেকে বহু তারকা উপস্থিত থাকলেও, সবার চোখ খুঁজেছে একসময়ের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলিকে।
দেবের ২০ বছরের দীর্ঘ অভিনয় যাত্রাকে উদযাপন করতে মঞ্চে উপস্থিত ছিলেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী—নুসরাত জাহান, পূজা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, কোয়েল মল্লিক এবং শ্রাবন্তী চ্যাটার্জি। তারা দেবের সঙ্গে রোম্যান্টিক গানে অংশ নিয়ে পুরো অনুষ্ঠানকে আরও জমকালো করে তোলেন। তাদের বক্তব্যে উঠে আসে দেবের সাফল্যের প্রতি তাদের আবেগ এবং শুভকামনা।
তবে সকলের মনোযোগ আকর্ষণ করে শুভশ্রী গাঙ্গুলী-এর অনুপস্থিতি। গত আগস্টে দেব এবং তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর সম্ভাব্য পুনর্মিলন নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু দেবের কর্মজীবনের এই বিশেষ দিনে তার অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেন শুভশ্রী এই বিশেষ মুহূর্তে অনুপস্থিত ছিলেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

