দোহার (ঢাকা): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে সমর্থন দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইশতিয়াক। গতকাল ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে দোহার উপজেলার শাইনপুকুর প্রগতি সংঘ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে খন্দকার আবু আশফাককে ফুলের মালা পরিয়ে এই সমর্থন জানান তিনি। এ সময় উপজেলা বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইশতিয়াক খন্দকার আবু আশফাকের প্রশংসা করে বলেন, আশফাক দুর্দিনে বিএনপির একজন নিবেদিত কর্মী। শত হামলা-মামলার শিকার হয়েও শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপির রাজনীতি থেকে তিনি সরে যাননি। তিনি আরও বলেন, “আমি মন থেকে দোয়া করছি ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী হয়ে আশফাক দোহার-নবাবগঞ্জকে বাংলাদেশের মডেল দুটি উপজেলায় রূপান্তরিত করবে।
সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আমি ইশতিয়াক একজন খন্দকার আবু আশফাক হয়ে কাজ করব। এই আসনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে আশফাককে নির্বাচিত করে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবে, ইনশাআল্লাহ। সেই সঙ্গে এই আসনে উন্নয়নের স্বার্থে আমরা দুই ভাই এক হয়ে হাতে হাত রেখে কাজ করব।

