দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল মোল্লা (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল মোল্লা উপজেলার ছোট রামনাথপুর গ্রামের দুর্জন মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ চরকুশাই গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির সময় হাতে-নাতে ৪৭ পিস ইয়াবাসহ আবুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আবুল মোল্লা একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে দোহারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আমরা তাকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করেছি।
গ্রেপ্তারের পর আবুল মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

