নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মানবিক সংগঠন তরুণ ‘বন্ধন সেবা সংগঠন’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার আল আমিন বাজারের সুমাইয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু মহিলা মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ গ্রহণ করেন। ক্যাম্পেইনে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও পুষ্টি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ প্রতিরোধ এবং দৈনন্দিন জীবনে সচেতন থাকার গুরুত্ব সম্পর্কে পরামর্শ দেন। বিশেষ করে তরুণদের রক্তদান বিষয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি রক্তের গ্রুপ জানার গুরুত্ব তুলে ধরা হয়।
সংগঠনের সদস্যরা জানান, এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করা তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা ও মানবসেবার মনোভাব গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রানা আহমেদ, সেক্রেটারি সেজান মাহমুদ শান্ত, কোষাধক্ষ্য কাওছার হোসেনসহ আরও অনেকে।

