সর্বশেষ :
24 Oct 2026, Sat

শ্রীমঙ্গলে লক্ষ্মীপূজার প্রতিমার হাট, কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা

শ্রীমঙ্গলে লক্ষ্মীপূজার প্রতিমার হাট, কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): আজ শনিবার লক্ষ্মীপূজা। শারদীয় দুর্গোৎসবের পর এবার কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি চলছে। এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পুরান বাজারে বসেছে লক্ষ্মীপূজার প্রতিমার হাট। হাটে বিভিন্ন আকার ও নকশার প্রতিমা বিক্রি হচ্ছে। ক্রেতারা পছন্দের প্রতিমা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। প্রতিমা কিনতে আসা নারীদেরও দেখা যাচ্ছে বাজারে।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। দেবী লক্ষ্মীকে ধন-সম্পদ, সৌভাগ্য, শস্য ও সমৃদ্ধির দেবী হিসেবে পূজা করা হয়। ভক্তরা সংসারে সুখ-শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দেবীর আরাধনা করেন।

সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য জানান, কোজাগরী’ শব্দটি সংস্কৃত ‘কো জাগর্তি’ থেকে এসেছে, যার অর্থ ‘কে জেগে আছে?’ প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী বিচরণ করেন এবং জেগে থাকা ভক্তদের আশীর্বাদ করেন।

তিনি আরও জানান, লক্ষ্মীপূজায় ঘরবাড়ি পরিষ্কার করা, আলপনা আঁকা, দেবীর প্রতিমা বা ঘট স্থাপন, ফুল-ফল ও নৈবেদ্য নিবেদন এবং লক্ষ্মীর পাঁচালি পাঠের প্রচলন রয়েছে। বাংলার কৃষিনির্ভর সংস্কৃতিতে ধান, চাল ও শস্যের সঙ্গে লক্ষ্মীপূজার গভীর সম্পর্ক রয়েছে। এ পূজা অন্ন, সমৃদ্ধি, পারিবারিক শান্তি ও কল্যাণের প্রত্যাশার প্রতীক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *