সর্বশেষ :
24 Oct 2026, Sat

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বেলাল আহমদ, লামা (বান্দরবান): দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম এবং দেশের সমবায় খাতে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত সমবায় সমিতি হিসেবে পরিচিত বান্দরবানের লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় চার হাজার নারী ও পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।

মৌচাকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং মৌচাক লিমিটেডের শরিয়াহ কমিটির সভাপতি আ.ক.ম. আবদুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী, কালব লিমিটেডের সাবেক পরিচালক মো. আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ ও মো. শফিউল আলম এবং কালব লিমিটেডের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও ইনোভা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফিরোজ আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌচাকের সাবেক সভাপতি ও ইসলামী শরিয়াহ বোর্ডের সদস্যসচিব মোহাম্মদ ইয়াহিয়া, শরিয়াহ বোর্ডের সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, মৌচাকের সেক্রেটারি মাস্টার হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সাধারণ সভার কার্যসূচির মধ্যে ছিল উপস্থিত সদস্যদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য এবং বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন। এ ছাড়া ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারি হাবিবুর রহমান।

সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, লভ্যাংশ বণ্টনের প্রস্তাব অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

মৌচাক সূত্রে জানা যায়, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৯৯২ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। মাত্র ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির বর্তমান সাধারণ ও শিশু সদস্যের সংখ্যা প্রায় ১৭ হাজার। প্রতিষ্ঠানটির চলমান মূলধনের পরিমাণ প্রায় ৭৪ কোটি টাকা।

সভায় মৌচাক এগ্রো সার্ভিস ও মৌচাক পরিবহন ব্যবসায় বিনিয়োগসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সদস্যদের অংশগ্রহণে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১৫০ জন বিজয়ী পুরস্কার লাভ করেন।

নির্বাচনে নতুন নেতৃত্ব:

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে মাস্টার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুর রহিম ও গোলাম সরোয়ার।

নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। এ সময় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির সদস্যরা।

টেকসই ক্রেডিট ইউনিয়ন গড়ার প্রত্যয়:

মৌচাকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. জয়নাল আবেদীন বলেন, টেকসই ক্রেডিট ইউনিয়ন’ গড়ে তোলার স্বপ্ন নিয়ে সদস্যদের জীবনমান উন্নয়নে গুণগত সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে মৌচাকের যাত্রা শুরু হয়েছিল।

তিনি আরও বলেন, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বর্তমান সাফল্যের অংশীদার প্রতিষ্ঠানটির সাধারণ সদস্য, পরিচালনা কমিটি এবং কর্মকর্তা-কর্মচারীরা। ভবিষ্যতেও নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে মৌচাক এগিয়ে যাবে- এটাই তাঁদের প্রত্যাশা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *