ঢাকা: সাতটি ইসলামী দল নিয়ে গঠন করা হয়েছে ‘সমমনা ইসলামী জোট’। বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জোটে থাকা দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে সাতটি ইসলামী দল একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এর মধ্যে অন্য জোটে থাকা দলগুলোও সেই জোট ছেড়ে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার বিষয়ে একমত হয়েছে বলে জানান তিনি।
সাজিদুর রহমান আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হেফাজতে ইসলাম ভূমিকা রাখছে। তবে সংগঠনটির নির্দলীয় অবস্থান অব্যাহত থাকবে।
বৈঠকে আগামী ৫ ডিসেম্বর জোটের নীতিমালা গ্রহণের কথা জানান নেতারা। তবে কোনো দলের ওপর শর্ত চাপিয়ে দেওয়া হলে জোট ছাড়ার বিষয়ে সতর্ক করেছেন কয়েকটি দলের শীর্ষ নেতারা।

