উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়া সীমান্তে পুনরায় বিশালাকার লাউডস্পিকার চালুর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত থাকলে সিউলকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শেষ নাগাদ পুরো সীমান্তজুড়ে দক্ষিণ কোরিয়াবিরোধী প্রচার চালাতে লাউডস্পিকার সক্রিয় করা হবে বলে জানিয়েছেন কিম ইয়ো জং।
এর আগে বুধবার রাতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের নিয়ে সীমান্তের সেনা দুর্গ ও প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। এ সময় উত্তর কোরিয়ার কৌশলগত সামরিক ইউনিটগুলো সীমান্তে নতুন অবস্থান নিয়েছে বলেও জানান কিম ইয়ো জং।
তিনি অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার সেনারা সীমান্তে উসকানিমূলক বার্তা প্রচার এবং বিভিন্ন স্থানে সতর্কতামূলক গুলি ছুড়েছে। এতে উত্তর কোরিয়ার ভূখণ্ড বা সেনাসদস্য ক্ষতিগ্রস্ত হলে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়া তাদের পদক্ষেপকে আইনসম্মত ও আত্মরক্ষামূলক বলে দাবি করেছে। পাশাপাশি উত্তর কোরিয়াকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে সিউল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া কোনো হুমকি বাস্তবায়ন করলে উপযুক্ত ও সমানুপাতিক জবাব দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, কিম ইয়ো জংয়ের এই হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
উল্লেখ্য, ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) সীমান্ত হিসেবে কাজ করছে। দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রচারযুদ্ধের হাতিয়ার হিসেবে লাউডস্পিকার ব্যবহার করে আসছে উভয় দেশ।

