আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি বিমানবন্দর ও সৌদি আরামকোর একটি তেলক্ষেত্রে পৃথক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২১ অক্টোবর) ও বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসব হতাহতের তথ্য জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি প্রতিহত করলে এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হন। নিহত দুজনই ফিলিপাইন ও নেপালের নাগরিক। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক।
মন্ত্রণালয় জানায়, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেলক্ষেত্রের বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এতে তেলক্ষেত্রের কার্যক্রম ব্যাহত হয়নি।
অন্যদিকে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বুধবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের দিকে ছোড়া সাতটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলের আকাশে কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়।
তবে সর্বশেষ হামলাগুলোর জন্য কারা দায়ী, সে বিষয়ে আরব নিউজের প্রতিবেদনে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

