সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন, নির্ধারিত সময়ে না এলে ডাক্তার-স্টাফদের শোকজ: হুইপ দুলু

নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন, নির্ধারিত সময়ে না এলে ডাক্তার-স্টাফদের শোকজ: হুইপ দুলু

মো. মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): সময়মতো হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের সেবা না দিলে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের শোকজ এবং প্রয়োজনে সাময়িক বরখাস্তসহ (সাসপেন্ড) কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার সকালে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে হুইপ দুলু ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে সকাল ৮টার মধ্যে সবার উপস্থিত থাকার কথা থাকলেও সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও দেখা গেছে, অনেক চিকিৎসক ও স্টাফ কর্মস্থলে অনুপস্থিত। দায়িত্ব পালনে অবহেলার কারণে যাঁদের পাওয়া যায়নি, তাঁদের শোকজ করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোগী ও শয্যাসংকটের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, এটি ১০০ শয্যার অনুমোদিত হাসপাতাল হলেও বাস্তবে প্রায় ২৫০ শয্যার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে হাসপাতালে প্রায় ৯০০ রোগী ভর্তি রয়েছেন। ১০০ জনের জনবল এবং বরাদ্দকৃত ওষুধ ও খাবার দিয়ে ৯০০ রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কষ্টকর। ১০০ জনের খাবার ৯০০ জনের মধ্যে বণ্টন করায় অনেকেই খাবার পাচ্ছেন না। এ সমস্যা দ্রুত সমাধানে তিনি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের অপরিস্কার বাথরুম ও সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তা সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কঠোর নির্দেশ দেন।

এ সময় নাটোরের জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, আরএমও ডা. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *