শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ২টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি রৌমারী থেকে ধান নিয়ে আশুগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে, ময়মনসিংহ থেকে রৌমারীতে ফেরার পথে কয়েকজন যাত্রী বকশীগঞ্জ অথবা শেরপুর এলাকা থেকে একটি অটোরিকশা ভাড়া করেন। শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন রৌমারীর চতলাকান্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭) ও স্ত্রী লিপি (৩২)। এ ছাড়া কর্তিমারী এলাকার মো. বাদলের স্ত্রী শরীফা (৪৬) নিহত হয়েছেন। নিহত লিপি ও শরীফা আপন বোন। দুর্ঘটনায় অটোরিকশাচালকও নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রৌমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত অটোরিকশাচালকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

