সর্বশেষ :
19 Oct 2026, Mon

কক্সবাজারে রিসোর্টে আগুনে একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

কক্সবাজারে রিসোর্টে আগুনে একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

নিজস্ব প্রতিনিধি: ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারিয়েছেন মো. আশিকুল ইসলাম। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি কাঠের তৈরি রিসোর্টে আগুন লাগলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাণ বাঁচাতে রিসোর্টের দোতলা থেকে লাফ দিয়ে বেঁচে যান আশিকুল ইসলাম। তবে আগুন ও ধোঁয়ায় তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান নাবিলাসহ পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়। আশিকুলের ভাই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, আগুনে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁরা হলেন- ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ।

এ ঘটনায় দগ্ধ আরও ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আনন্দময় ছুটি কাটাতে গিয়ে এমন মর্মান্তিক প্রাণহানিতে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *