শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পঞ্চমীতে কুড়িগ্রামের রৌমারী কলেজপাড়া, রৌমারী বাজারস্থ কেন্দ্রীয় দুর্গাপূজামণ্ডপ ও রাজিবপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় তিনি রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। পাশাপাশি রৌমারী উপজেলা ভূমি অফিসের নবনির্মিত ‘সেবাকুঞ্জ’-এর উদ্বোধন করেন।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি দুই উপজেলায় অবস্থান করেন।
রৌমারী ও রাজিবপুর উপজেলার আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সব মানুষের মধ্যে আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হবে। শারদীয় দুর্গাপূজার উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টায় আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কোনো পূজামণ্ডপে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশাসন আপনাদের পাশে রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান, রৌমারী বাজার কেন্দ্রীয় দুর্গাপূজামণ্ডপের সভাপতি শ্রী প্রদীপ কুমার সাহা, কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিমা আক্তার, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক জেসমিন আক্তার শিল্পীসহ স্থানীয় সাংবাদিকেরা।

