আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে আনসার ও ভিডিপির সদস্যদের নিয়ে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ব্রিফিং ও প্যারেডে পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, প্রশিক্ষক মো. নূরনবী মণ্ডল, পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার রাজকুমার ও কড়িয়া কোম্পানি কমান্ডার মোহাম্মদ মাহাতাব উদ্দিন।
আনসার কর্মকর্তা আসাদ বলেন, এ বছর দুর্গাপূজায় উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৫২৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে ৩৬৬ জন পুরুষ এবং ১৫৮ জন নারী সদস্য রয়েছেন।

