সর্বশেষ :
19 Oct 2026, Mon

রৌমারীতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রস্তুতিমূলক সভা

রৌমারীতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার রৌমারীতে সাতটি পূজামণ্ডপে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা জোরদারসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মণ্ডপগুলোর নিরাপত্তা, যানজট নিরসন ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান। সভায় আসন্ন দুর্গাপূজা উদযাপন এবং রৌমারী উপজেলার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সাতটি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আমন্ত্রিত অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রদীপ শাহা, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সরকার, যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী, ইউনিয়ন পরিষদের সচিব ও সাংবাদিকরা।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান বলেন, রৌমারী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি ধর্মীয় উৎসব সম্প্রীতির আবহে উদযাপন করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। আসন্ন দুর্গোৎসব যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *