সর্বশেষ :
19 Oct 2026, Mon

বর্তমান সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে: হুইপ দুলু

বর্তমান সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে: হুইপ দুলু

মো. মনিরুল ইসলাম তালুকদার, (নাটোর): নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার বর্তমান সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত সানাউল্লাহ নূর বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বনপাড়া বাজারে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ, চেয়ারম্যান আলী আকবর, সাইফুল ইসলাম আফতাব, সাংবাদিক নাসিম উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, সাবেক মেয়র ইছাহাক আলী, ইকবাল হোসেন রাজু, মুস্তাফিজুর রহমান পারভেলসহ অন্যরা।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে হামলার শিকার হন সানাউল্লাহ নূর বাবু। ওই হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী মহুয়া নূর কচি বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে আদালতে সম্পূরক আবেদনের মাধ্যমে আরও ১৮ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এতে মামলার মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৪৫ জনে।

দীর্ঘ ১১ বছর পর, ২০২১ সালে মামলাটির অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়া নিয়ে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *