সর্বশেষ :
19 Oct 2026, Mon

পুরাতন বাইসাইকেলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

পুরাতন বাইসাইকেলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশিন্তা-চাঁনপাড়া সড়কের পাশে খাঁড়িতা গ্রামে স্বাধীনতার পর থেকে পুরাতন বাইসাইকেলের ব্যবসা করে আসছেন আলহাজ্ব ইব্রাহীম মল্লিক। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিশ্বস্ততার কারণে এলাকায় তিনি পুরাতন বাইসাইকেল বিক্রির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতাযুদ্ধের পর থেকেই তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত। নওগাঁ থেকে পাইকারি দরে ব্যবহারের অনুপযোগী পুরাতন সাইকেল কিনে আনেন তিনি। এরপর নিজ হাতে মেরামত করে সেগুলো বিক্রির উপযোগী করে তোলেন। পেশায় তিনি নিজেই একজন দক্ষ সাইকেল মেকার। তাঁর সুনাম ছড়িয়ে পড়ায় আশপাশের বিভিন্ন এলাকার ছোট ছোট দোকানদারও তাঁর কাছ থেকে পাইকারি দরে সাইকেল কিনে নিয়ে যান।

প্রতিদিন সকালে ইব্রাহীম মল্লিক তাঁর দোকানের সামনে সারি সারি সাইকেল সাজিয়ে ক্রেতাদের অপেক্ষায় থাকেন। রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা রং-বেরঙের শত শত বাইসাইকেল পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

এ বিষয়ে আলহাজ্ব ইব্রাহীম মল্লিক বলেন, আমার দোকানে সব সময় ৪০০ থেকে ৫০০টি পুরাতন বাইসাইকেল মজুত থাকে। গরিব মানুষ ও স্কুলশিক্ষার্থীদের কথা চিন্তা করে কম দামে সাইকেল বিক্রি করি। আমার দোকানে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের বাইসাইকেল পাওয়া যায়।

স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে পুরাতন বাইসাইকেল বিক্রির এ উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *