শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা-পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সবুজপাড়া এলাকায় বকুল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রৌমারী গ্রামের সৈয়দ জামালের ছেলে মো. মমিন চান (৪০) এবং কলেজপাড়ার সুশীল চন্দ্র পালের ছেলে বাসুদেব চন্দ্র পাল (২৯)। তাঁরা দুজনই রৌমারী উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলীর তত্ত্বাবধানে এবং এসআই শাহানুরের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল), কুড়িগ্রাম, মো. রাসেল কবির বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

