সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে কোচাশহর ইউপি চেয়ারম্যান প্রার্থী রাকিব মন্ডলের প্রচারণা শুরু, নানা প্রতিশ্রুতি নিয়ে জনগণের দোরগোড়ায়

গোবিন্দগঞ্জে কোচাশহর ইউপি চেয়ারম্যান প্রার্থী রাকিব মন্ডলের প্রচারণা শুরু, নানা প্রতিশ্রুতি নিয়ে জনগণের দোরগোড়ায়

বাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আসন্ন ১৪ নম্বর কোচাশহর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দিনের প্রচার-প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী রাকিব মন্ডল (বি.এস.এস.)। মঙ্গলবার (৬ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রচারণাকালে রাকিব মন্ডল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেন। পরে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে তিনি নির্বাচিত হলে কোচাশহর ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও মডেল ইউনিয়নে রূপান্তরসহ নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

রাকিব মন্ডল দীর্ঘদিন ধরে সামাজিক ও বিএনপির দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং গোবিন্দগঞ্জের চাঁদপাড়ার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে তিনি প্রতিটি পাড়ায় কৃষি ক্লাব গঠন, কৃষকদের বিনামূল্যে কৃষি সরঞ্জাম সরবরাহ এবং ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের কথা জানান।

এ ছাড়া ইউনিয়নে মাদক, চাঁদাবাজি, হ্যাকিং ও অনলাইন জুয়া বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ এবং মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার প্রতিশ্রুতি দেন তিনি।

নাগরিক সেবার ক্ষেত্রে জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা হয়রানিমুক্ত করা, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি ভাতা পৌঁছে দেওয়া এবং জাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান চেয়ারম্যান প্রার্থী রাকিব মন্ডল।

শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকগুলোর সঠিক তদারকি এবং ইউনিয়নে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

‘সবার জন্য উন্নয়ন, সবার জন্য ন্যায়’ এই স্লোগানকে সামনে রেখে রাকিব মন্ডল বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে তিনি দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান।

প্রথম দিনের প্রচারণায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা ও মতবিনিময় করেন। আগামী দিনগুলোতেও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *