সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৩ জনের দণ্ড, চায়না দুয়ারি জাল ধ্বংস

নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৩ জনের দণ্ড, চায়না দুয়ারি জাল ধ্বংস

মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাদকের বিস্তার রোধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলায় তিনজনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। মৎস্য আইন লঙ্ঘনের দায়ে দুইজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ জাল ধ্বংস করা হয়েছে।

অভিযানকালে পাটুল হালতি বিল এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে দুই জেলেকে পৃথক দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নলডাঙ্গার খাজুরা একডালা গ্রামের জিহাদ সরদারের ছেলে মো. হাফিজুল ইসলাম এবং বাসিলা গ্রামের শওখিন সরদারের ছেলে মো. এরশাদ আলী (৭০)।

অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত ৩৮টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ৩০০ ফুট সুতি জাল জব্দ করে ঘটনাস্থলেই প্রকাশ্যে ধ্বংস করা হয়। এ ছাড়া বিলে অবৈধভাবে স্থাপিত প্রায় ২০০ ফুট বাঁশের বাঁধ অপসারণ করা হয়েছে। জব্দ করা প্রায় ৩০ কেজি মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

অপরদিকে, উপজেলার মাধবপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা লঙ্ঘনের অপরাধে একটি মামলা করা হয়। এতে মাধবপুর গ্রামের মো. সেন্টুর ছেলে মো. শিহাবকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে মৎস্যসম্পদ রক্ষা, অবৈধভাবে মৎস্য শিকার প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *