সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার সালেহা ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ১০০ গজ দূরে দীর্ঘদিন ধরে সালেহা ডায়াগনস্টিক সেন্টারটি কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানের কাগজপত্র ও লাইসেন্স-সংক্রান্ত বিষয় যাচাই করা হয়। প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রশাসনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।
অভিযান শেষে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হাসান জানান, প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত সালেহা ডায়াগনস্টিক সেন্টারে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না। সরকারি নিয়ম-কানুন মেনে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স গ্রহণের পরই প্রতিষ্ঠানটি পুনরায় কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল। ফলে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও রোগীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, স্বাস্থ্যসেবার নামে কোনো প্রতিষ্ঠান যাতে নিয়মবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।

