মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে নলডাঙ্গা-নাটোর আঞ্চলিক সড়কের নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৫৫), পিতা: মৃত পঁচাই মণ্ডল, সাং: হাতিয়ানদহ, থানা: সিংড়া; অটোরিকশার যাত্রী মো. আব্দুল জলিল (৪৫), পিতা: মৃত আলহাজ মোফিজ উদ্দিন মণ্ডল, সাং: লালমনিপুর ভাঙ্গাপাড়া; তাঁর স্ত্রী মোছা. জহুরা খাতুন (৩২) এবং মোটরসাইকেলচালক মো. ইমতিয়াজ আলী (২৭), পিতা: মো. দেলবার হোসেন, সাং: রামসার কাজীপুর, থানা: নলডাঙ্গা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনে আঞ্চলিক সড়কে বিপরীতমুখী একটি মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটস্থ নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নলডাঙ্গা থানা-পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

