তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।
রোববার (৪ অক্টোবর) বিকেলে অক্টোবর মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। এ দাম রোববার থেকেই কার্যকর হবে।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
এদিকে বাজারে এলপিজির কৃত্রিম সংকট তৈরি করে কয়েকটি অপারেটর অতিরিক্ত মুনাফা নেওয়ার চেষ্টা করছে বলে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। বিষয়টি নিয়ে শনিবার এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোটাব) নেতাদের সঙ্গে বৈঠক করেন জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।
বৈঠকে দেশে চাহিদা অনুযায়ী এলপিজি আমদানি হলেও বাজারে সংকট ও অতিরিক্ত দামের কারণ জানতে চাওয়া হয়। অভিযোগ অস্বীকার করে লোটাব নেতারা জানান, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়েছে।
গত ২২ সেপ্টেম্বরের পর থেকে বাজারে এলপিজির সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হয়েছে আড়াই হাজার টাকা পর্যন্ত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জাহাজভাড়া বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি কিছু অপারেটর এলপিজি মজুত করে রাখায় বাজারে সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

