রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, মোবাইল ফোন ও সিমকার্ডসহ একজনকে আটক করেছে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) দাঁতভাঙ্গা বিওপির টহলদল।
রোববার (৪ অক্টোবর ২০২৬) দুপুর ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৫৫/৪-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালোরচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪ পিস ভারতীয় ইয়াবা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ একজনকে আটক করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ৩ হাজার ৩০০ টাকা।
আটক ব্যক্তি, মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে অভিযান অব্যাহত থাকবে।

