আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাপনা পুনর্বিবেচনা’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; তাঁরা আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের সম্মান, সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রবীণদের অবদানের কারণেই আজ আমরা বড় হয়েছি। তাই সবসময় তাঁদের সম্মান করা উচিত। প্রবীণদের কল্যাণে সরকার বয়স্ক ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, বন্ধন এনজিওর পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লবসহ প্রবীণ ব্যক্তিরা।
পরে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

