নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে হাসান নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে হত্যাচেষ্টার সময় দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে নলডাঙ্গা থানাধীন পেঁয়াজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- নাটোর জেলার নলডাঙ্গা থানার ধোপাপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে মো. রিফাত (২০) এবং একই এলাকার মো. হানিফের ছেলে মোহাম্মদ মাসুদ রানা (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে ওই সময় আসামি রিফাত ও মাসুদ রানাসহ কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী হাসানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেন। ওই সময় ঘটনাস্থলের কাছেই নলডাঙ্গা থানা পুলিশের একটি টহল দল অবস্থান করছিল। বিষয়টি দেখতে পেয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে রিফাত ও মাসুদ রানাকে আটক করে।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আসামি রিফাতের প্যান্টের পেছনে গোঁজা অবস্থায় একটি দেশীয় চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

