বাবু (গোবিন্দগঞ্জ): রাতের আঁধারে পুকুরে বিষাক্ত ‘গ্যাস ট্যাবলেট’ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এক রাতের এই ঘটনায় ভেসে উঠেছে এক মৎস্যচাষীর দীর্ঘদিনের পরিশ্রম ও লালিত স্বপ্ন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে পারগয়ড়া গ্রামের মৎস্যচাষী সুমন ইসলামের বসতবাড়ির পাশে ৬০ শতক আয়তনের পুকুরে রাতের আঁধারে বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করে একদল দুর্বৃত্ত। সুমনের মা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পরদিন সকালে পুকুরের পানিজুড়ে থোকা থোকা মরা মাছ ভেসে থাকতে দেখা যায়। রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ বিষ প্রয়োগের কারণে মারা যায়। মুহূর্তের মধ্যে রঙিন স্বপ্নের বদলে পুরো পরিবারে নেমে আসে কান্নার রোল।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী পরিবারের দাবি, এ ঘটনায় তাদের অন্তত দুই লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। যে স্বপ্ন বুকে নিয়ে এতদিন মাছের যত্ন করা হয়েছিল, তা এখন মরা মাছের রূপ ধরে পুকুরের পানিতে ভেসে রয়েছে।
নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী পরিবারটি এ ঘটনায় ন্যায়বিচার এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত শাস্তির দাবি জানিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

